Don't Miss
Home / হোম স্লাইডার / পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল
সম্পর্ক

পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল

এমএনএ জাতীয় ডেস্কঃ দুদেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় তিন দিনের সফরে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দলটির প্রতিনিধিরা হলেন— ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই তিন দিনের জন্য ঢাকায় সফরে এসেছেন তারা।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন।

মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ‘ঐকান্তিক ইচ্ছার’ কথা উল্লেখ করেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...