পাল্টা ব্যবস্থা হিসেবে অঘোষিত ধর্মঘটে বাস মালিক-শ্রমিকরা
Posted by: News Desk
August 4, 2018
এমএনএ রিপোর্ট : নিরাপদ সড়কের দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা ব্যবস্থায় অঘোষিত ধর্মঘট হিসেবে এবার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।
ঢাকার আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে বাস যেমন ছাড়ছে না; তেমনি বিভিন্ন জেলা থেকেও ঢাকার পথে বাস ছাড়ছে না।
পাঁচ দিন পর গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার প্রত্যাশা প্রকাশের পরদিন গতকাল শুক্রবার সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা।
গতকাল শুক্রবার সড়কে শিক্ষার্থীদের অবস্থান আগের কয়েক দিনের মতো নেই; এর মধ্যে পরিবহণ মালিক কিংবা শ্রমিক সংগঠনগুলোর কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধের কারণে সারাদেশে জনদুর্ভোগ চলছে।
কোনো কর্মসূচি ডাকা না হলেও বাস মালিকরা বলছেন, সড়কে ভাঙচুরের কারণে পরিবহন শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন।
গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়; সমালোচনার মুখে পড়েন পরিবহন শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাজাহান খান।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, “ছাত্ররা বাস ভাঙচুর করছে এজন্য বাস চলাচল বন্ধ রয়েছে।”
বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ওইভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভাঙচুর করছে তাই বাস বন্ধ রয়েছে।”
কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হতে পারে জানতে চাইলে এনায়েত বলেন, “ছাত্ররা ভাঙচুর বন্ধ করুক, বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”
উল্লেখ্য, বাস মালিক সমিতির নেতা ও এনা পরিবহনের মালিক মালিক এনায়েত ক্ষমতাসীন আওয়ামী লীগেরও নেতা। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি।
গতকাল শুক্রবার সকালে ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। যাত্রাবাড়ীতে এক দল পরিবহণ শ্রমিককে সড়কে অবস্থান নিয়ে গাড়ি আটকাতে দেখা গেছে।
নতুন আইন করে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে মৃত্যুদণ্ডের বিধান হলে তা পরিবহন শ্রমিকরা মেনে নেবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
দেশের আন্তঃজেলা রুটে কোথাও কোনো বাস চলছে না। কাদের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে সরাসরি কিছু বলছেন না পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
বাস ধর্মঘটে পাল্টা ব্যবস্থা অঘোষিত মালিক-শ্রমিকরা 2018-08-04