এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১০ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।এর আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেবারও তাদের নেতৃত্বে ছিলেন কেন উইলিয়ামসন এবং ইয়ন মরগ্যান। মজার ব্যাপার হচ্ছে, এবার টি-টোয়েন্টির বিশ্ব আসরের দ্বৈরথেও নেতৃত্বে তারা।
ইয়ন মরগ্যানের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। অন্যদিকে, কেন উইলিয়ামসনের সামনে থেকে দেওয়া নেতৃত্বে ভর করে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।এদিকে, চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে দু’দলই জয় পেয়েছে ৪টি করে। শুরুর চার ম্যাচ জয় পেলেও সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরেছে ইংল্যান্ড। নকআউট পর্বে তাই ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় থ্রি-লায়নদের। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জেসন রয় ইনজুরির কারণে ছিটকে গেছেন আসর থেকে।
তবে বাকিরাও আছেন ফর্মে। আসরের একমাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। মঈন আলী-জনি বেয়ারেস্টোরাও দুমড়ে-মুচড়ে দিতে পারেন প্রতিপক্ষের বোলারদের। বল হাতে নিয়মিত সাফল্য পাচ্ছেন ক্রিস জর্ডান-আদিল রশিদরা।তবে কিছুটা এগিয়ে রাখতে হবে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপকে। গতি আর সুইংয়ে দুর্বার ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা। ইশ সোদির মতো কার্যকর স্পিনারও আছে কিউইদের। টপ অর্ডারে গাপটিল-ড্যারেল মিচেলরা ভালো সূচনা এনে দিচ্ছেন। কেন উইলিয়ামসন-ডেভন কনওয়েরাও চার-ছক্কায় মাঠ মাতাচ্ছেন।
টি-টোয়েন্টির বিশ্ব আসরে এখনো পর্যন্ত ৫ বারের লড়াইয়ে ৩ জয় আছে ইংল্যান্ডের। ২ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় দর্শক-সমর্থকরাও।এদিকে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৯ নভেম্বর) কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালে জায়গা পেয়ে ভালো লাগছে। এখন আমরা দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশদের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। সবাই ফিট আছি, এটাও দারুণ একটা ব্যাপার। আশা করি ভালো একটা ম্যাচ হবে। সেমিফাইনালে এসেছি, আশা করি আরেকটা ম্যাচ (ফাইনাল) খেলতে পারব।’
অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে এসেছে ইংল্যান্ড। তবে তারপরও নিজেদের ফেবারিট মানছেন না দলটির অধিনায়ক ইয়ন মরগ্যান। হয়তো আত্মতুষ্টি কম দেখিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্যই এ কৌশল ইংলিশ কাপ্তানের।ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দল হিসেবে নিউজিল্যান্ড দারুণ। এ ম্যাচে নিজেদের তাই স্ট্রং ফেবারিট বলতে পারছি না। এ ছাড়া তাদের চোটের সমস্যা নেই, অথচ আমাদের আছে চোটের সমস্যা। তবে এতকিছুর পরেও ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী মরগ্যান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

