Don't Miss
Home / হোম স্লাইডার / প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে পুনঃনিয়োগ পেলেন জয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে পুনঃনিয়োগ পেলেন জয়

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)X১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

গত এক দশকে তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়ে থাকে। তাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের অংশগ্রহণ রয়েছে।

যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই নিজের কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়ক শিক্ষার শুরু হয় বলে বিভিন্ন সময় উল্লেখ করেছেন শেখ হাসিনা।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিগত মেয়াদের সরকারে ২০১৪ সালেওপ্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন জয়। তার আগে মা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার‍ পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তারা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...