প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে
Posted by: News Desk
June 9, 2019
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার তার ১২ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তিনি গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরকারি সফর নিয়ে কথা বলবেন তিনি। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, আজ রবিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরপরবর্তী ‘প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।
গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান প্রধানমন্ত্রী। জাপানে চার দিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট এসিসটেন্স দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষরিত করেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী ‘এশিয়ার ভবিষ্যত’ শিরোনামে আয়োজিত নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া তিনি সেখানে তার সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রাতরাশ গোলটেবিল আলোচনায় অংশ নেন। গুলশানের হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার শিকার জাপানি নাগরিকদের পরিবার এবং জাইকা সভাপতি শিনিচি কিতাওকা পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জাপান সফর শেষে দ্বিতীয় পর্যায়ে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে সৌদি আরবে যান তিনি।
সৌদি আরবে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।
সৌদি আরব সফর শেষে ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পাঁচদিনের সরকারি সফরে ৩ জুন ফিনল্যান্ড পৌঁছেন। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী গত ৪ জুন সে দেশের প্রেসিডেন্ট সৌলি নিনিয়েস্টোর সঙ্গে বৈঠক করেন এবং ৫ জুন তার সম্মানে অল ইউরোপীয় আওয়ামী লীগ এবং ফিনল্যান্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন।
বিকেলে সংবাদ আজ প্রধানমন্ত্রীর সম্মেলন 2019-06-09