সংসদ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে তাদের এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। প্রায় ২০ মিনিটের সংক্ষিপ্ত আলাপ শেষে ডা. শফিকুর রহমান কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বিদায় জানাতে কিছু দূর এগিয়ে দেন।
এর আগে, দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে সংসদ ভবনের দিকে হেঁটে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে তাকে তাৎক্ষণিকভাবে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও সৌজন্যমূলক।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্য দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটালেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

