Don't Miss
Home / আজকের সংবাদ / ফরহাদ মজহার অপহরণ হননি : আইজিপি

ফরহাদ মজহার অপহরণ হননি : আইজিপি

এমএনএ রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের শিকার হননি। তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফরহাদ মজহার এটা অপহরণ নাটক করেছেন কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমার ধারণা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে এটাই ক্লিয়ার। আমাদের ধারণা সরকারকে বিভ্রান্ত করতেই এমন ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ফরহাদ মজহারকে অপহরণের বিষয়ে সরকারকে জড়িয়ে একটি মহলের বক্তব্যের কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে ঘটনার দিনের বিকেল ৪টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার ভিডিও ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজে ফরহাদ মজহারকে খুলনায় দেখা যায়।

এ প্রসঙ্গে আইজিপি বলেন, ভিডিও ফুটেজে দেখা যায় ফরহাদ মজহার বিকেল ৪টা ৪১ মিনিটে খুলনা নিউ মার্কেটে ৫ নম্বর গেট দিয়ে ঢুকেন। বিকেল ৫টা ১৭ মিনিটে ৩ নম্বর গেট দিয়ে বের হতে গিয়ে আবারও মার্কেটের ভিতর ঢুকেন। পরে তিনি ব্যাগ খুলে কি যেন দেখতে থাকেন। ৬. ১৩ মিনিটে ফরহাদ মজহার দোতলা উঠার জন্য সিড়িতে উঠেন। এরপর ৬. ৪৪ মিনিটে তিনি নিউ মার্কেট হতে বের হন।

শহীদুল হক বলেন, সন্ধ্যা ৭টা থেকে ৭.২৭ মিনিট পর্যন্ত ফরহাদ মজহার নূর মার্কেটে অবস্থান করেন। ওই মার্কেট থেকে তিনি দুই দফায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠান।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমার বিশ্বাস ফরহাদ মজহার ঢাকা থেকে বাসে খুলনা গেছেন। কেন না মাইক্রোবাসে তিনি খুলনা গেলে পুলিশ চেকপোস্টে ধরা পড়তেন।

বাসায় সিসি ক্যামেরায় দেখা যায় ফরহাদ মজহার ব্যাগ ছাড়া বের হন, তা হলে ব্যাগ এলো কি ভাবে- সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ প্রধান বলেন, ব্যাগ পাঞ্জাবির ভিতরে নিয়ে যেতে পারেন।

আইজিপি বলেন, বাসা থেকে বের হওয়ার পর ১৮ ঘণ্টার মধ্যে ফরহাদ মজহার স্ত্রীকে ১০ বার ও এক নারীকে ছয় বার ফোন করেন।

ফরহাদ মজহারের পরিবারের সদস্যদের ভাষ্য, ৩ জুলাই ভোর পাঁচটার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে বের হন ফরহাদ মজহার। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে ফরহাদ মজহার খুব স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নিচে নামেন। ভোর সাড়ে পাঁচটার দিকে একটি নম্বর থেকে ফরহাদ মজহার তাঁর স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।

এ ব্যাপারে সেদিনই ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে অভিযোগ করে তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ।

টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর সোমবার রাতে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। এ সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন।

পরদিন মঙ্গলবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মোহা. আহসান হাবীবের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফরহাদ মজহার। জবানবন্দি শেষে নিজ জিম্মায় তিনি বাসায় ফেরার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...