এমএনএ বিনোদন ডেস্ক : টালিগঞ্জে #মিটুর জোয়ার এসে ভিড়ল । ‘মিতিনমাসি’, ‘ঈগলের চোখ’, ‘এবার শবর’–এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক অরিন্দমের বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগে মুখ খুললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তার অভিযোগ, কলকাতার ইস্টার্ন বাইপাসের কাছে অরিন্দমের অফিসে স্ক্রিপ্ট পড়ে শোনানোর অছিলায় তার সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন পরিচালক। শুধু তাই নয়, ফাঁকা অফিসে ঘনিষ্ঠ আলিঙ্গনের মাধ্যমে তাকে কদর্য ইঙ্গিতও করেছিলেন অরিন্দম।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রূপাঞ্জনা বলেন, অরিন্দম পরিচালিত ‘ভূমিকন্যা’ সিরিয়ালের প্রথম এপিসোডের স্ক্রিপ্ট পড়ে শোনার জন্য আমায় ওর অফিসে ডাকা হয়েছিল। মনে আছে, তখন পুজো আসছে আসছে এমন একটা সময়। সম্ভবত তৃতীয়া। বিকেল পাঁচটার সময় আমায় পৌঁছতে বলা হয়েছিল। সেই মতো অরিন্দমের অফিসে যেতেই দেখি অফিস ফাঁকা, শুধু প্রোডাকশনের ছেলে ছিল। বিকেল পাঁচটার সময় অফিস ফাঁকা দেখে প্রথমে একটু অস্বস্তি হয়েছিল। ঢুকতেই তিনি জিজ্ঞসা করেন, চা খাবি? চায়ের লোকটি চা দিয়ে যাওয়ার পরেই সেখান থেকে কায়দা করে তাকে সরে যেতে বলেন উনি। তখন অফিসে শুধু আমরা দুজন। আমার ভীষণ আনক্যানি ফিল হচ্ছিল। আর ওর চেম্বারটা এমন ভেতরে যে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। হঠাৎই নিজের জায়গা থেকে উঠে এসে ঘরেই একটা কাউচে এসে বসলেন। বলে বোঝাতে পারব না। ওর বসা, কথা বলা…ভীষণ ইঙ্গিতপূর্ণ। হাত বাড়িয়ে আমাকে ডাকছে।
একটু থেমে রূপাঞ্জনা আবার বলা শুরু করলেন, “তিনি বসতে যাওয়ার আগে আমার মাথায় হাত বুলোচ্ছেন…কখনও পিঠে। আমি ভগবানকে ডাকছি তখন। আরে বাবা, আমি তো নতুন মেয়ে নই। এতদিন ধরে কাজ করছি। সাইবাবাকে ডেকে চলেছি, কেউ একজন যেন চলে আসে। কিন্তু কেউ তো নেই। মনে হচ্ছিল এবার বুঝি আমি রেপড হয়ে যাব। কেউ হাত-ফাত বুলিয়ে চলে যাচ্ছে…, এরপর যে তিনি কী করতে পারেন সেটা হয়তো একজন নারীর পক্ষে আন্দাজ করা খুব সহজ। আমি আর থাকতে না পেরে ওকে বেশ স্পষ্ট ভাষায় বলি, ‘অরিন্দমদা, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। উনি বোধহয় তখন বুঝতে পারলেন, যেসব নারীর সঙ্গে উনি সচরাচর এ ধরনের ট্রিক খেলে থাকেন, আমি তাদের মধ্যে পড়ি না।”
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

