ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
Posted by: News Desk
July 14, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : ফাইনাল দিয়ে পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। তাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে আগে বোলিং করবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু শুরুতে ব্যাট করাও সহজ। পরে উইকেট স্লো হলে রান করা আরও কঠিন। লর্ডসে আবার আগের চার বিশ্বকাপের ফাইনালের তিনটিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে।
এর আগে রানার্সআপ হলেও কখনো বিশ্বকাপ জেতেনি কোনো দল। ফলে প্রথমবারের মতো ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সুবর্ণ সুযোগ তাদের সামনে। সেই লক্ষ্যে ফাইনালি লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ঐতিহ্যবাহী লর্ডসে পৌনে ৪টায় খেলতে নামবে তারা।
ক্রিকেটের তীর্থভূমিতে সাড়ে ৩টা শুরু হওয়ার কথা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। টস হওয়ার কথা ছিল ৩টায়। তবে স্থানীয় সময় সকালে ঝিরঝির বৃষ্টি হয়েছে। এতে আউটফিল্ড ভিজে যায়। ফলে ১৫ মিনিট বিলম্বে টস হয়। তবে সকাল থেকেই আকাশে রোদ খেলছে। উইকেট শক্তই আছে। তবে ঘাস শুরুর দিককার উইকেটের চেয়ে একটু বেশি। শুরুর ক’ওভার পেসাররা সুবিধা পাবেন। তারপরও টস জিতে ব্যাটিং করারই উইকেট। উইলিয়ামসনকে তাই খুব একটা ভাবতে হয়নি।
নিউজিল্যান্ডকে ফাইনালে আন্ডারডগ মনে করা হচ্ছে। রস টেইলর মনে করেন এটা ভালোই হয়েছে। চাপহীনভাবে খেলতে পারবে তারা। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, তারা যে ডগই হোক না কেন শিরোপা লড়াইয়ের জন্য লড়বে। অনেকের মতে, আন্ডারডগদের দলে মার্টিন গাপটিলের মতো ঘুমন্ত ‘বড় ডগও’ আছে। যারা যেগে উঠলে এক হাতেই ম্যাচ বের করে নিয়ে আসতে পারেন।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিয়ানায়ক), রস টেইলর, জিমি নিশাম, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
নিউজিল্যান্ড ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে 2019-07-14