Don't Miss
Home / হোম স্লাইডার / ফাইনালে যেতে ভারতের টার্গেট ২৪০ রান

ফাইনালে যেতে ভারতের টার্গেট ২৪০ রান

এমএনএ স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতীয় বোলারদের তোপে প্রথমে ব্যাট করে  নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ রান করেছে। বৃষ্টিতে গতকাল মঙ্গলবার খেলা পণ্ড হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতের টার্গেট ২৪০ রান। বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লক্ষ্যটা নাগালের মধ্যেই থাকলো ভারতের। একরকম সহজ টার্গেট পেয়েছে তারা।

কয়েক দিন বিরতি দিয়ে ফের বিশ্বকাপে হানা দিয়েছে বৃষ্টি। এর কবলে পড়ে গতকাল মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল গড়ায় রিজার্ভ ডেতে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ৪৬.১ ওভার খেলা হয়। এসময়ে ৫ উইকেটে ২১১ রান তোলেন কিউইরা।

আজ বুধবারও বৃষ্টির শংকা আছে। তবে স্থানীয় সময় ভোরে তা না নামায় সেখান থেকেই খেলা শুরু হয়। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানে আজ বুধবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কোনো ওভার কাটা পড়েনি। রিজার্ভ ডেতে ২৩ বলে তিন উইকেট হারিয়ে কিউরা যোগ করতে পেরেছে ২৮ রান। রস টেইলর ৬৭ ও টম লাথাম ৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। তবে শুরুটা শুভ হয়নি তাদের। ৬৫ রানে অপরাজিত থাকা রস টেলর ব্যক্তিগত ঝুলিতে ৭ রান যোগ করে রবীন্দ্র জাদেজার অসাধারণ থ্রোতে রান আউট হন। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৯০ বলে ৭৪ রানের ইনিংস।

দলীয় ২২৫ রানেই ভুবনেশ্বর কুমারের বলে সেই জাদেজার তালুবন্দি হয়ে ফেরেন লাথাম। এতে নিউজিল্যান্ডের রানে বাঁধ পড়ে। বাকি সময়ে টেলএন্ডারদের কেউই ঝড় তুলতে পারেননি। অবশ্য সেই সুযোগও ছিল না। হাতে ছিল মাত্র কয়েক ওভার।

তবে চেষ্টার কমতি ছিল না ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের পেস তো তা কাজে আসেনি। ২৩২ রানে ভুবির বলে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাট হেনরি।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান তুলতে সামর্থ্য হয় নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার ৯ ও ট্রেন্ট বোল্ট ৩ রানে অপরাজিত থাকেন। ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ দারুণ বোলিংয়ে এ দিনের প্রায় চার ওভারে চার এসেছে কেবল একটি।

এই দুই বোলার আগের দিন কিউইদের ভুগিয়েছিলেন নতুন বলেও। দুজনের আগুনে বোলিংয়ে ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ১০। বুমরাহর বলে হেনরি নিকোলসের ড্রাইভে অষ্টম ওভারে আসে ইনিংসের প্রথম বাউন্ডারি।

নতুন বলের দুই বোলারের স্পেল শেষে একটু স্বস্তি পায় নিউজিল্যান্ড। নিকোলস ও উইলিয়ামসন আস্তে আস্তে রান বাড়াতে থাকেন। গড়ে ওঠে জুটি।

৮৯ বলে দুজনের ৬৮ রানের জুটি ভাঙে রবীন্দ্র জাদেজার দারুণ ডেলিভারিতে। ২৮ রান করে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন নিকোলস।

টেইলরের সঙ্গে মিলে এরপর উইলিয়ামসন গড়েছেন আরেকটি জুটি। তবে ভারতের আঁটসাঁট বোলিং ও উইকেটের মন্থরতা মিলিয়ে গতি খুব বাড়াতে পারছিলেন না তারা। ১৪তম ওভারের পর টানা ১৩ ওভারে আসেনি কোনো বাউন্ডারি।

১০২ বলে ৬৫ রানের জুটি শেষ হয় উইলিয়ামসনের বিদায়ে। ৯৫ বলে ৬৭ করে কিউই অধিনায়ক ক্যাচ দেন যুজবেন্দ্র চেহেলের থমকে আসা একটি বলে।

এরপর লড়াই চালিয়ে গেছেন টেইলর। জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোমরা পারেননি লম্বা সময় সঙ্গ দিতে। ইনিংসের একমাত্র ছক্কায় যুজবেন্দ্র চেহেলকে গ্যালারিতে পাঠিয়ে টেইলর ফিফটি স্পর্শ করেন ৭৩ বলে।

গতকাল মঙ্গলবারই খেলা হলে হয়তো শেষ দিকে ঝড় তুলতে পারতেন টেইলর। কিন্তু নতুন দিনে আর ছন্দ পাওয়ার সময় পাননি। নিউজিল্যান্ডও তাই যেতে পারেনি আড়াইশ পর্যন্ত।

আগের দিনের একটির সঙ্গে এ দিন আরও দুই উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ভুবনেশ্বর।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৩৯/৮ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৭৬, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ১০, স্যান্টনার *, হেনরি ১, বোল্ট ৩*; ভুবনেশ্বর ১০-১-৩৪-৩, বুমরাহ ১০-১-৩৯-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...