এমএনএ রিপোর্ট : ক্যাসিনো চালানোর অভিযোগে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় ফু-ওয়াং ক্লাব এবং সন্ধ্যা ৭টায় পিয়াসী বারে এ অভিযান চালানো হয়।
পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে ফুয়াং ক্লাবে এবং ডিবি পশ্চিমের এডিসি হাবীব উন নবী আনিসুর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ দুটি অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলেন, আমরা ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাতে এসেছি। এখানে অবৈধ অন্য কিছু পাওয়া গেলে সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। তবে অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রোববার চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবগুলোতে বিপুল পরিমাণ আধুনিক ক্যাসিনো সামগ্রী, স্লট মেশিন ও নগদ টাকা পাওয়া গেছে। বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, সিসা খাওয়ার সামগ্রী এবং ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া টাকা গোনার মেশিন ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। ওইদিন রাতে গুলশানের নাভানা টাওয়ারসহ তিনটি আলাদা ভবনে তিনটি স্পায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।
এরআগে গত বুধবার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র্যাব। অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ওই ক্লাবের সভাপতি যুবলীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সেদিন গ্রেপ্তার করা হয়। এর দুই দিনের মাথায় গত শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

