‘খ’ সেটের মূল প্রশ্ন (ওপরের অংশ), পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্ন (নিচের অংশ)
ফেসবুকে এবার ফাঁস হলো গণিতের প্রশ্নপত্র
Posted by: News Desk
February 10, 2018
এমএনএ রিপোর্ট : এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা এবং ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), ইসলাম ও নৈতিক শিক্ষার পর ফেসবুকে এবার গণিতের প্রশ্নপত্রও ফাঁসের অভিযোগ পাওয়া গেছে।
এসএসসির প্রশ্ন ফাঁসের ধারায় গণিতের প্রশ্নপত্রও পরীক্ষা শুরুর আগেই পাওয়া গেছে ফেসবুকে। আজ শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে কয়েকটি ফেসবুক গ্রুপে এবং এক ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে দেওয়া হয় গণিতের বহুনির্বাচনী ‘খ’ সেট ‘চাঁপা’ নামের প্রশ্নপত্রের উত্তরসহ ছবি। ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে।
এ নিয়ে টানা ছয়টি পরীক্ষার প্রশ্নই ফাঁস হলো।
আজ শনিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
এর আগে সকাল ৮ টা ৫৯ মিনিটে হোয়াটসঅ্যাপের ‘SSC ফ্রি প্রশ্নের দুকান’ নামের একটি গ্রুপে গণিতের ‘খ’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়। এর সঙ্গে ছিল হাতে লেখা উত্তরপত্র। ফারহান আদনান নামের একটি আইডি থেকে প্রশ্নপত্রটি গ্রুপে দেয়া হয়। এসময় উত্তরপত্রও দেয়া হয় ওই আইডি থেকে।
এরপর ফেসবুকসহ অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি কমিটি কাজ করছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকিতে আছি।’
সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে মোবাইল ফোনে প্রশ্ন দেখানোর সময় রাজশাহী ও যশোরে দুই কলেজ শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।
এবার এসএসসিতে প্রথম দিন থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিলে শিক্ষামন্ত্রীর পুরস্কার ঘোষণার পরও তা থেমে নেই।
এর আগে ১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। ৩ ফেব্রুয়ারি সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে।
আর ৫ ফেব্রুয়ারি ইংরেজি প্রথমপত্রের ‘ক’ সেটের প্রশ্ন ফাঁস হয়। ৭ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া যায়।
একইভাবে ৮ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রটিও ফাঁস হয়।
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা পর্যন্ত পৌনে এক ঘণ্টা বা আধা ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হলেও, এরপর অনুষ্ঠিত হওয়া ইসলাম ও নৈতিক শিক্ষা এবং গণিতের প্রশ্ন ফাঁস হয়েছে যথাক্রমে এক ও দেড় ঘণ্টা আগে।
ফেসবুক পেইজে-গ্রুপে চলছে কার আগে কে প্রশ্ন দিতে পারে, তার প্রতিযোগিতা। আগের পরীক্ষার প্রশ্ন সবার আগে দিয়েছে, এমন প্রমাণ দেখিয়ে দিনরাত অসংখ্য আইডি থেকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে প্রশ্নফাঁসের।
মন্ত্রণালয়, বোর্ড আর পুলিশের কাছে তথ্য দিয়েও বন্ধ করা যাচ্ছে না প্রশ্ন ফাঁস।
ফেসবুকে এবার হলো গণিতের প্রশ্নপত্র ফাঁস 2018-02-10