Don't Miss
Home / হোম স্লাইডার / ফ্লোরিডায় ধেয়ে আসছে হ্যারিকেন ডোরিয়ান

ফ্লোরিডায় ধেয়ে আসছে হ্যারিকেন ডোরিয়ান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ভয়ংকর আকার ধারণ করা হ্যারিকেন ডোরিয়ান। আটলান্টিক সাগর থেকে উদ্ভূত হ্যারিকেন ডোরিয়ান চার মাত্রার শক্তি অর্জন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতির বাতাস নিয়ে ঝড়টি এখন বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডায় আঘাত হানার আগে ডোরিয়ান আরও শক্তি অর্জন করতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের এ দক্ষিণ-পূর্ব রাজ্যে আছড়ে পড়া পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় অ্যান্ড্রু ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।

ধ্বংস হয়েছিল ৬৩ হাজার বাড়িঘর। অ্যান্ড্রুর পর ডোরিয়ানই ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আটলান্টিক সাগর তীরবর্তী এ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। কর্তৃপক্ষ বাসিন্দাদের অন্তত এক সপ্তাহ টিকে থাকার মতো খাদ্য, পানি ও ওষুধ মজুদ করতে পরামর্শ দিয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস ঘূর্ণিঝড় মোকাবেলায় ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্য মোতায়েন করেছেন। প্রস্তুত রাখা হয়েছে আরও দেড় হাজার সেনাকে।

ঝড়টি ‘সত্যিকারের দানবের আকার নিতে পারে’ বলে সতর্ক করেছেন ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় পোল্যান্ডে নির্ধারিত সফর বাতিল করে সেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

বিবিসি বলছে, ডোরিয়ানের কারণে ফ্লোরিডাবাসীকে এখনই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে না বলা হলেও রোববার নাগাদ এ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সতর্কতাস্বরূপ সোমবার স্থানীয় সময় ২টা থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অরল্যান্ডো বিমানবন্দর। এনএইচসি এরই মধ্যে বাহামার উত্তর-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে।

ডোরিয়ানের কারণে কিছু কিছু এলাকায় সমুদ্রের পানি ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে বলেও পূর্বাভাসে বলেছে তারা। উপকূলের কাছাকাছি বড় বড় ধ্বংসাত্মক ঢেউসহ ঝড়টি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা এনএইচসির।

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস গ্র্যান্ড বাহামা ও আবাকো দ্বীপের একাংশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে ?নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কেউ বোকামি করেও এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সাহস দেখাতে যাবেন না।

নিরাপদে সরে না আসার এ মূল্য আপনাকে জীবন দিয়ে কিংবা মারাত্মক শারীরিক ক্ষতির মাধ্যমে চুকানো লাগতে পারে।’

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...