বগুড়া-৬ আসনে খালেদার বিকল্প মির্জা ফখরুল
Posted by: News Desk
November 28, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তবে একই আসনে বিকল্প হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাখা হয়েছে।
এমনটি করার কারণ হিসেবে দলটির দায়িত্বশীল সূত্রে জানা যায় খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া একই আসনে আজ বিকাল সাড়ে ৪টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র জমা দেবেন। এটি ছাড়াও তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।
বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)কে বলেন, কোনো কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলে এ আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করবেন। অনলাইনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারা ভোগ করছেন। আইন অনুযায়ী খালেদার এ কারাদণ্ড আপিলে স্থগিত না হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
এদিকে দুর্নীতির মামলায় বিএনপির পাঁচ নেতার দণ্ড ও সাজা স্থগিত চেয়ে করা আবেদনে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে এবং রায়ের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
হাইকোর্টের ওই রায় আপিল বিভাগেও বহাল থাকায় বিএনপির ওই পাঁচ নেতাসহ খালেদা জিয়া নির্বাচন করার পথও কার্যত বন্ধ হয়ে গেছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানও এমনটাই জানিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আজ (২৮ নভেম্বর, বুধবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থীদের মনোনয়পত্র বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।
খালেদা জিয়া মির্জা ফখরুল আসনে বগুড়া-৬ বিকল্প 2018-11-28