বঙ্গভবনে উপস্থিত হয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা
Posted by: News Desk
January 7, 2019
এমএনএ রিপোর্ট : কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ। ইতোমধ্যে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে তাদের অভিষেকের সব প্রস্তুতি নেয়া হয়েছে বঙ্গভবনে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রীতি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।
আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।
এদিকে বঙ্গভবন সূত্র বলছে, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা হয়েছে। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে।
দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। একসঙ্গে শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।
এরই মধ্যে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন।
শপথ নিতে গণভবনে এসে পৌঁছেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন্নাহার। অন্যরাও পথে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম এবং দফতর বণ্টনের কথা জানানো হয়।
এবারই প্রথমবার শপথের আগে মন্ত্রীদের তালিকা ও দফতর বণ্টনের কথা জানিয়ে দেয়া হয়।
একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে রয়েছেন ৪৬ সদস্য। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী রয়েছেন।
এবারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে রয়েছে পাঁচ মন্ত্রণালয় ও এক বিভাগ। সেগুলো হচ্ছে- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
বিদায়ী সরকারে থাকা ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি। আর নতুন সরকারের প্রথমবারের মতো সরকারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৩১ জন।
এবার মহাজোটের শরিক দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। শুধু আওয়ামী লীগ নেতারাই থাকছেন মন্ত্রিসভায়।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা হয়েছে। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেয়া হয়েছে।
দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে।
একসঙ্গে শপথ নেয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।
পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিদের দাওয়াতপত্র পাঠানো হয়েছে বলেও জানায় ওই সূত্র।
বঙ্গভবনে হয়েছেন উপস্থিত মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা 2019-01-07