এমএনএ খেলাধুলা ডেস্কঃ প্রতি বছরের সেরা পারফর্মারদের স্বীকৃতিস্বরূপ দ্য বেস্ট এওয়ার্ড প্রদান করে থাকে ফিফা। শুক্রবার চলতি বছরের সেরা পারফর্মারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় এবারো জায়গা পেয়েছেন সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সঙ্গে আরো আছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি।
আগামী ১৭ ডিসেম্বর ফিফা’র ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
এর আগে গত ২৫ নভেম্বর বর্ষসেরা ফুটবলারের ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। সেই তালিকায় মেসি, রোনালদো এবং লেভানডোভস্কি ছাড়াও ছিলেন কেভিন ডি ব্রুইনে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভারজিল ভ্যান ডিক।
২০১৭ সাল থেকে দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে ফিফা। এর আগে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিনের সঙ্গে মিলিয়ে ব্যালন ডি’অর পুরকার প্রদান করা হতো। তবে সেই বছর থেকে ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারকে নতুন মোড়কে পুনরায় চালু করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রথম দুবার দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস জিতে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ২০১৯ সালে পুরস্কারটি জেতেন লিওনেল মেসি।
এবারো তালিকায় আছেন মেসি-রোনালদোর দুজনই। ২০১৯-২০ মৌসুমে ইউরোপীয় কিংবা ঘরোয়া আসরে কোনো শিরোপা না জিততে পারেননি মেসি। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৪ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৫ গোল। এর পাশাপাশি এসিস্ট করেছেন ২৫টি।
জুভেন্টাসের জার্সিতে ৪৬ ম্যাচে ৩৭ গোল করেছেন রোনালদো। এছাড়া ইতালিয়ান ক্লাবটির হয়ে জিতেছেন সিরি আ’র ট্রফি। পর্তুগিজ তারকার নামের পাশে চলতি বছর আন্তর্জাতিক গোল সংখ্যা ১৪টি।
তবে এই দুই সুপারস্টারকেই ছাড়িয়ে গেছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেস লিগার শিরোপা জয়ের প্রধান চরিত্র তিনিই। এছাড়া জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ৬টি। উয়েফার বর্ষসেরার অ্যাওয়ার্ড জেতার পর এবার ফিফার দ্য বেস্ট এওয়ার্ড পেতে তিনি নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

