বাংলাদেশের পাকিস্তান সফর আপাতত স্থগিত
Posted by: News Desk
March 16, 2020
এমএনএ স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। আজ সোমবার পাকিস্তানের ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে ২৯ মার্চ করাচি যাওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। আগে দুই দফায় পাকিস্তান থেকে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা।
এবার তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিলো মুমিনুল হক, তামিম ইকবালদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই সফরটি আপাতত হবে না।
এ খবর নিশ্চিত করে আজ (সোমবার) সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। তারা জানিয়েছে শীঘ্রই দুই দল মিলে সমঝোতার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতেই হবে দুই দলকে। অন্যথায় পয়েন্টজনিত সমস্যায় পড়তে হতে পারে। আর এ ম্যাচটি খেলে ফেলতে হবে ২০২১ সালের মার্চের মধ্যেই।
এদিকে শুধু বাংলাদেশের বিপক্ষে এক ওয়ানডে ও এক টেস্টই শুধু নয়, আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া পাকিস্তান ওয়ানডে কাপ টুর্নামেন্টও অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করেছে পিসিবি।
তবে পাকিস্তান সুপার লিগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। আগামীকাল (মঙ্গলবার) পিএসএলের দুই সেমিফাইনাল এবং বুধবার ফাইনাল ম্যাচ হওয়ার সূচি নির্ধারিত রয়েছে।
আপাতত পাকিস্তান বাংলাদেশের সফর স্থগিত 2020-03-16