Don't Miss
Home / আন্তর্জাতিক / বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান : প্রধানমন্ত্রী ইমরান খান
ইমরান খান

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান : প্রধানমন্ত্রী ইমরান খান

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ দুপুরে টেলিফোন করে কিছু বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই নেতার মধ্যে ফোনালাপে বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান বলে জানিয়েছেন ইমরান খান।

বাংলাদেশের বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইমরান খান বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির খবর জানতে চান। শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়, দুপুর ১টা নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেন এবং জানতে চান যে ঠিক কিভাবে তাঁর সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করছে।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট ধরে চলা টেলিফোন আলোচনার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ রোগীদের চিকিৎসা এবং করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে ইমরান খানকে বিস্তারিতভাবে জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা সে সম্পর্কেও তাঁকে অবহিত করেন বলে জানিয়েছেন ইহসানুল করিম।

অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলোচনা সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানিয়ে একটি খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আলোচনার সময় ইমরান খান উল্লেখ করেন, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গভীর করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে তাঁর দেশের গুরুত্ব দেওয়ার বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান।

এপিপির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ এবং দুই দেশের মানুষের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন।

বার্তা সংস্থাটি বলছে, সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান গুরুত্বারোপ করেছেন যে দুই দেশ (পাকিস্তান ও বাংলাদেশ) যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য কাজ করতে পারে।

ইসলামাবাদ থেকে পাঠানো এপিপির খবরে আরো বলা হয়, কভিড-১৯ রোগে বাংলাদেশের মানুষের প্রাণহানিতে ইমরান খান দুঃখ প্রকাশ করেন এবং করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শেখ হাসিনার সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। ইমরান খান সাম্প্রতিক বন্যায় বাংলাদেশে প্রাণহানিতে গভীর সহানুভূতি প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান ভ্রমণের জন্যও পুনরায় আমন্ত্রণ জানান ইমরান খান।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই অবনতিশীল রয়েছে। বিশেষ করে বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য অবস্থান এবং বিচারের বিরোধিতা করায় দুই দেশের সম্পর্ক একেবারে তলানীতে পৌঁছায় বলে তাঁরা মনে করেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...