Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশে প্রবেশে করোনা টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
করোনা টেস্ট

বাংলাদেশে প্রবেশে করোনা টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

এমএনএ জাতীয় ডেস্কঃ বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

তিন বলেন, ‘বাইরে থেকে যারা আমাদের দেশে আসবেন তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা এটা আমাদের বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটা বন্দরে বন্দরে এখন থেকে আবার ব্যবস্থা নিতে হবে। কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস ঢুকছে কি-না সেটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষের সুরক্ষাটা নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই মাস্ক ব্যবহার করবেন। যখন মানুষের কাছাকাছি যাবেন মাস্কটা ব্যবহার করবেন, সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, যখনই জনসমাগম স্থলে যাবেন মাস্ক পরে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকে সুরক্ষিত করবেন। সবাই নিয়ম মেনে চলবেন যাতে করে এই করোনা ভাইরাস থেকে যেভাবে আমরা মানুষকে রক্ষা করছি সেভাবে রক্ষা করতে পারি। এটা প্রত্যেকের একটা দায়িত্বও থাকবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আবার আপনারা জানেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাব ব্যাপক ভাবে দেখা দিচ্ছে। এখন ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সবকিছুতে একটা স্থবিরতা এসে গেছে। সবচেয়ে দুঃখজনক আমাদের শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। সেটা শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলো চালাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি। সবাই যার যার পড়াশোনা নিজেরাই করতে হবে। বাবা-মাও সেটা যেন দেখে।’

করোনা মহামারির মধ্যেও অর্থনীতি গতিশীল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের এই অবস্থা মোকাবিলা করার জন্য আমরা যে প্রণোদনা দিয়েছি সেটা দিয়েছি যাতে আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত থাকে। যাতে আমাদের অর্থনীতিটা স্থবির না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যার জন্য এখনো আমাদের অর্থনীতির গতি অনেকটা সচল আছে। অনেক উন্নত দেশও কিন্তু এটা করতে পারছে না।

এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে সংযুক্ত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...