Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সংলাপ ওয়াশিংটনে
সংলাপে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সংলাপ ওয়াশিংটনে

এমএনএ জাতীয় ডেস্কঃ বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অর্থনৈতিক সংলাপে বসতে যাচ্ছে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ।

সংলাপে উভয় দেশের সরকারি হাই অফিসিয়াল ও বেসরকারি বিনিয়োগকারীরা চার দফায় চারটি সেশনে আলোচনা করবেন।

এতে শ্রমিকের কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল খাতসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এই সংলাপের প্রথমই তৈরি পোশাক খাতের টেকসই সরবরাহ প্রক্রিয়া, ওষুধ শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, তুলা আমদানি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, আইটি, টেলিকম ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ।

দ্বিতীয় সেশন শ্রমিকদের অধিকার ও শ্রম পরিবেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী এ খাতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা এবং জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স ট্রেড বেনিফিট বা যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা) ও ডিএফসি (ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা যুক্তরাষ্ট্রের বিশেষ আর্থিক তহবিলের সহায়তা) নিয়ে আলোচনা হবে।

তৃতীয় সেশনে স্বাস্থ্য, জলবায়ু অভিযোজন ও প্রশমন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি স্থান পাবে।

চতুর্থ সেশন ব্লু-ইকোনমি ও মার্কিন উদ্যোগ ইন্দো-প্যাসিফিক বাংলাদেশের যুক্ততা ও সুবিধা সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ।

অর্থনৈতিক সংলাপ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, উচ্চপর্যায়ের অর্থনৈতিক সংলাপে উভয় দেশের মধ্যে শ্রম অধিকার গুরুত্ব পাবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়া এবং উন্নয়ন বিষয়ক তহবিল থেকে আর্থিক সুবিধা পেতে হলে পূর্ণাঙ্গ শ্রম অধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন করতে হবে।

সংলাপ নিয়ে এক টুইট বার্তায় স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে।’

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...