বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Posted by: News Desk
January 4, 2018
এমএনএ রিপোর্ট : বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী আজ।
বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ।
১৯৪৯ সালে তত্কালীন পাকিস্তানের প্রথম বিরোধী দল হিসাবে ‘আওয়ামী মুসলিম লীগের আত্মপ্রকাশ ঘটে, যা পরে আওয়ামী লীগ নাম ধারণ করে এ দেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। এ প্রেক্ষাপটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাঙালি জাতির ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ পাঁচদিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। ঢাকার মধ্যে অবস্থিত ইউনিটগুলো ছাড়া দেশের সকল সাংগঠনিক ইউনিটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এবং ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সংগঠনের আলাদা কর্মসূচি থাকায় ৪ জানুয়ারির পরিবর্তে
আগামী ৬ জানুয়ারি শনিবার সরকারী ছুটির দিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আগামী ৮ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এছাড়া আগামী ৯ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। বিকাল ৪টায় গণভবনে গিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।
বাংলাদেশ আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৭০তম 2018-01-04