বাংলাদেশ-ভিয়েতনাম তিন সমঝোতা স্মারক সই
Posted by: News Desk
March 5, 2018
এমএনএ রিপোর্ট : মৎস্য ও প্রাণিসম্পদ এবং যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতাসহ দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব সমঝোতা স্মারক সই করেন।
সমঝোতা স্মারক তিনটি সই হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে উভয়ের মধ্যে একান্ত বৈঠকের পর এই আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।
সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে ২০১২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরায় নবায়ন।
স্মারকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের পক্ষে দেশটির কৃষি ও পল্লী উন্নয়নমন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং স্বাক্ষর করেন।
মেশিনারি ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কাও চুয়ক হুয়াং।
আর দু’দেশের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক।
-

-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে আজ সোমবার তিনটি সমঝোতা স্মারক সই হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত রবিবার ঢাকা পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তার ১০০ সফর সঙ্গীর মধ্যে ৪৫ জন উদ্যোক্তা। প্রতিনিধি দলে লোটাস টেলিফোন, ভিটেল গ্রুপ, হ্যাসিসন গ্রুপসহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানির শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
গত ১৪ বছরে এটি ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টর প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন। ভিয়েতনাম ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম।
ভিয়েতনামের প্রেসিডেন্টের এ সফরের আগে উভয় দেশের প্রধান দুই চেম্বারের মধ্যে একাধিক বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ আগ্রহের কথাও জানিয়েছেন তারা।
গত রবিবার বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট কুয়াংয়ের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার সকালে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
পরে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
ভিয়েতনামের প্রেসিডেন্ট আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে রাষ্ট্রীয় ভোজ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনদিনের সরকারি সফর শেষে ভিয়েতনামের রাষ্ট্রপতির আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ভিয়েতনাম তিন সমঝোতা স্মারক বাংলাদেশ সই 2018-03-05