Don't Miss
Home / আজকের সংবাদ / বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ রিপোর্ট : আজ ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে শাহ আবদুল করিম আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। কিন্তু তার সৃষ্টি অসংখ্য গান সংগীতপ্রেমীদের মুখে মুখে এখনো আগের মতোই শোভা পাচ্ছে।

যার গান মাটি মানুষের কথা বলে, যার গান আবহমান বাংলার মানুষের মুখে মুখে কাল থেকে কালান্তরে চলে আসছে সেই বাউল সম্রাট শাহ আবদুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা। তিনি তাকে আদর করে ডাকতেন ‘সরলা’।

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র্য তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি।

তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরিয়তি, মারফতি, নবুয়ত, বেলায়াসহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। দ্বিতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। বাংলা একাডেমি তার ১০টি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে।

২০০০ সালে কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরী পদক পান এই গুণী শিল্পী। বাউল শাহ আবদুল করিম তার জীবদ্দশায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন।

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, আমি কূলহারা কলঙ্কিনী, বসন্ত বাতাসে সইগো, আইলায় না আইলায় নারে বন্ধু, মহাজনে বানাইয়াছে ময়ূরপঙী নাও গানগুলো তার উল্লেখযোগ্য গানের মধ্যে অন্যতম।

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৬টি গানের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো- আফতাব সংগীত, গণসংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে এবং দোলমেলা।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...