Don't Miss
Home / আজকের সংবাদ / বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল অসন্তুষ্ট: প্রধানমন্ত্রী

বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল অসন্তুষ্ট: প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল অসন্তুষ্ট হয়েছে। তারা বাজেট প্রত্যাখ্যানের দাবি তুলে মিছিল-সমাবেশ করলেও নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি উল্লেখ করছে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং দেশের খাদ্য উৎপাদন বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনাবাদি জমিকে চাষের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম নেওয়া হয়েছে।

পাতলী খাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রায় অর্ধশত বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাল খননের মাধ্যমে কৃষি সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে খালটি নাব্যতা হারানোর পাশাপাশি দখলের শিকার হয়। পুনঃখননের মাধ্যমে আবারও কৃষকদের চাষাবাদের সুযোগ বাড়বে।

তিনি বলেন, সারা দেশে ৪০ হাজার মিটার খাল পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন ও সেচ সুবিধা বাড়বে। কৃষক লাভবান হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাসী এবং কৃষক ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দেয়। দরিদ্র কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙন সমস্যার কথা তুলে ধরে নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী নিজের হাতে মাটি কেটে বাবার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খালপাড়ে তাকে দেখতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের উদ্দেশে রওনা হন। সেখানে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

এর আগে সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

x

Check Also

শাহজালাল-শাহপরাণ মাজারের দান-অনুদানের হিসাব চায় প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ জেলা প্রশাসনের

সিলেট প্রতিনিধি দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ ...