Don't Miss
Home / সারাদেশ / বান্দরবানে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

বান্দরবানে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

এমএনএ জেলা প্রতিনিধি : বান্দরবানে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকঢালা আমতলি সীমান্তচৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড়শন খোলায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্রাণ নিয়ে যাচ্ছিল।

ঘটনাস্থলে নিহতরা হলেন, আব্দুল্লাহ (১৮), আব্দুল জলিল (৪০), সুরত আলম (৩৫), ছৈয়দুল আমিন (৩২), মো. আব্দুল্লাহ (১৬) ও মামুনুল হাকিম (৩২)। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা গেছেন সুলতান আহমদ (৪৫), মুকবুল আহমদ (৫০) ও সুদর্শন বড়ুয়া (৫০)।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে আমতলি এলাকায় পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন ও হাসপাতালে আরও তিন জন মারা যান। নিহত ও আহতরা সবাই শ্রমিক। এদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়িতে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সালমান করিম খান জানান, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে নিয়ে আসা হয়। আনার পরপরই তিনজন মারা গেছেন। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর জানান, ট্রাকটি চাকডালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণকাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে চাকডালা সীমান্তচৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত কয়েকজনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিন জন মারা যান।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী রেডক্রিসেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নয় জন নিহত হন। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, নিহত ব্যক্তিদের সবাই শ্রমিক। মালামালের ওপরে করে তাঁরা যাচ্ছিলেন।

এ নিয়ে আজ সকাল পর্যন্ত ২১৯ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫০।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...