এমএনএ রাজনীতি ডেস্কঃ টালবাহানা না করে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বললেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে, ষড়যন্ত্রের পথ থেকে সরে নির্বাচনে আসুন। শেখ হাসিনা সরকার দেশে ভালো একটা নির্বাচন চায়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনা সরকার ভালো একটা নির্বাচন বাংলাদেশে চায়।
সরকারি দল নাকি বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়, ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, সরকার কেন বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে যাবে? কোনো সরকারি দল কি চায় দেশকে অস্থির করতে, দেশে সংঘাতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে?
তিনি বলেন, শেখ হাসিনা সরকার শান্তি ও স্বস্ত্বি চায়।
সেতুমন্ত্রী আরও বলেন, দেশে ভালো একটা নির্বাচন হোক আওয়ামী লীগ তা চায় মনে প্রাণে। নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা নিজেরা একা আসুন সেটা আপনাদের ব্যাপার। নির্বাচনে আসতে হবে- ক্ষমতার মঞ্চে কোনো পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করেন ভালো কথা, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সরকার তাই করবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

