বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Posted by: News Desk
September 1, 2018
এমএনএ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ শনিবার গৌরবের চার দশকে পা রাখলো। আজ দলটির ৪০তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন।
ফেলে আসা ৩৯ বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি এখন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। উন্নয়ন-উত্পাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে মোটে পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। বিএনপি অচিরেই এ দেশের মানুষের ’বাংলাদেশি’ রাজনৈতিক দর্শনের নিয়ামক শক্তিতে রূপান্তরিত হয়।
এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান দেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে শুরু করেন। এক পর্যায়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে তার প্রাণ হরণ করা হয়। কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ১/১১ এর পটবদলের পর বিএনপিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ২০১৪ সালের সর্বশেষ জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি। এই সরকারের গত প্রায় দশ বছরে রাজপথের আন্দোলনে বিএনপির কোন সাফল্য নেই।
প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। বেগম খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে। তার নামে মামলা হয়েছে ৩৫টির বেশি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। তার দিক-নিদের্শনা, পরামর্শ নিয়ে সিনিয়র নেতারা দল পরিচালনা করছেন। তারেক রহমানের নামে শতাধিক মামলা দেওয়া হয়েছে। ছোট-বড় সব নেতার নামে অসংখ্য মামলা। শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি আজ তার ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুইদিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজ ১ সেপ্টেম্বর ভোরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় এবং দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সিনিয়র নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় জনসভা অনুষ্ঠিত হবে।
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার জনসভায় লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। ওই দিন পুলিশ কমিশনার বিএনপিকে নয়াপল্টনে জনসভা করার মৌখিক অনুমতি দেয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার বিকেলে পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে লিখিত অনুমতি পাওয়ার কথা জানান বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
জনসভায় ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতির কথা জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ, সুন্দর ও ভালো জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় ব্যাপক জনসমাগম ঘটবে।’
আজ দুপুর ২টা থেকে এই জনসভা শুরু হবে বলে এর আগেই জানিয়েছিলেন রিজভী।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টা থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল শুক্রবার রাত থেকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় সভাপতিত্ব করবেন এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি থাকবেন। জনসভায় জনসমাগম ঘটাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতাদের পাশাপাশি ঢাকার আশপাশের জেলার নেতারাও এই জনসভায় অংশ নেবেন।
আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ৪০তম 2018-09-01