এমএনএ রাজনীতি ডেস্কঃ জামায়াত-বিএনপি সম্পর্ক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন সব সময় এড়িয়ে যান বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এড়িয়ে যাওয়ার মাধ্যমেই মির্জা ফখরুল প্রমাণ করেছেন তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, তা কখনও ছিন্ন হবে না।
আজ মঙ্গলবার সকালে নাটোরের বিটিভি উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এক সময় অবরোধ করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছিল। আবার যদি সেরকম জ্বালাও পোড়াও করতে চায় তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে। এবার প্রশাসনও বসে থাকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে হিসেবে রাজশাহীতে একটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র খুব সহসা স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে, আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার জন্য। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে-যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

