Don't Miss
Home / আজকের সংবাদ / বিএসএমএমইউতে প্রথম নারী উপ-উপাচার্য নিয়োগ

বিএসএমএমইউতে প্রথম নারী উপ-উপাচার্য নিয়োগ

এমএনএ রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান।
তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের (শিক্ষা) শূন্যপদে নিযুক্ত হলেন। গত ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে এ পদ শূন্য হয়।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ডা. সাহানা আখতার রহমানকে তিন বছরের জন্য নিয়োগ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান আজ বুধবার নিজ কাজে যোগ দেন। এসময় তাকে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
ডা. সাহানা আখতার রহমানের মায়ের নাম রওশন আরা বেগম এবং পিতার নাম শাহ্ হাবিবুর রহমান। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। কামরুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএস (শিশু) এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে মেডিকেল এডুকেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ব্যক্তিগতভাবে তিন কন্যার জননী। তারা সবাই দেশের বাইরে অধ্যায়নরত। স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ১৯৯১ সাল থেকে একনিষ্ঠভাবে চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার সঙ্গে জড়িত। দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ৩০টিরও বেশি এমডি এবং এফসিপিএস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।
অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বাংলাদেশে মেডিকেল শিক্ষা কার্যক্রমের নতুন সংযোজন ওএসসিই ও স্ট্রাকচার কোর্স কারিকুলামের রূপকার।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট নার্সিং বিভাগ চালু করেন। বাংলাদেশে শিশু রিউমাটোলজির প্রবর্তক অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান শিশুদের উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে ইউকে, সিঙ্গাপুর ও ভারতের বিভিন্ন ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেন।
অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা তাকে অভিনন্দন জানান।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ (স্বাচিপ) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নবনিযুক্ত উপ-উপাচার্যকে অভিনন্দন জানান।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...