Don't Miss
Home / জাতীয় / বিজয়ী সংসদ সদস্য, নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার : আসিফ নজরুল

বিজয়ী সংসদ সদস্য, নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার : আসিফ নজরুল

এমএনএ প্রতিবেদক

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন উপদেষ্টা জানান, এটি ছিল তাঁদের বিদায়ী বৈঠক। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপদেষ্টারা তাঁদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং শপথ অনুষ্ঠানসংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হতে পারে।

নতুন মন্ত্রিসভার শপথ বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানান আইন উপদেষ্টা। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রচলিত বিধান অনুসারে রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের ইচ্ছা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথা অনুযায়ী যাঁদের আমন্ত্রণ জানানোর কথা, তা-ই করা হবে এবং বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি অবগত নন।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...