Don't Miss
Home / অর্থনীতি / বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় করা হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
নসরুল হামিদ

বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় করা হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় করা হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করায় লোকসান হচ্ছে, সে কারণে কিছুটা সমন্বয় করা হচ্ছে। আমরাতো খরচ উঠাতে চাচ্ছি, খুবই সামান্য পরিমাণে দাম বাড়বে।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘লাইফ লাইন গ্রাহকের (৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) মাসের বিল ২০ টাকার মতো বাড়তে পারে। এখন গ্রাহকরা যদি একটু সাশ্রয়ী হন, তাহলে বিল আগের অবস্থায় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়বে। বিদ্যুতের নতুন এ দর ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।’ মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন আজই জারি হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো, আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে, আর উপরের দিকে বেশি বাড়বে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ডলারের দর বেড়ে যাওয়ায়। তেল-গ্যাস ও কয়লার আন্তর্জাতিক বাজারদর ক্ষেত্র বিশেষে একই থাকলেও আগের চেয়ে ডলার প্রতি ৪০ টাকার বেশি খরচ হচ্ছে। এখানেই বিশাল গ্যাপ তৈরি হয়েছে। ডলারের সঙ্গে সমন্বয় করার জন্য কাজ করছি।’

এদিকে মার্চ থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘জ্বালানি তেলের দাম আধুনিক প্রাইসিংয়ে যাচ্ছি। তেলের ডায়নামিক প্রাইসের জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। ইনডেক্স ও ফর্মূলা করা হয়েছে। প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় হবে, দাম কমলে কমবে, বাড়লে বাড়বে। প্রতিবেশী দেশ প্রতিদিন সমন্বয় করে। সেখানে অতিরিক্ত বেড়ে গেলে সরকার অন্যভাবে সহায়তা করে। আমরা ০১ মার্চ থেকে এটা কার্যকর করবো।’

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...