Don't Miss
Home / আজকের সংবাদ / বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

শিক্ষাঙ্গন প্রতিবেদক

বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামী সোমবার (৯ মার্চ) থেকে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি কার্যকর করা হবে। এ সময় পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে যে নির্দেশনা মানতে হবে:

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করে জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার করা যাবে না।
৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
৪. এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
৫. অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
৬. করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ সাধারণ স্থানে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে।
৭. অফিস সময় শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি—যেমন লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি—বন্ধ নিশ্চিত করতে হবে।
৮. অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৯. যানবাহনের ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে মোট ১৭২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে অনুমোদন পেলেও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...