বিল গেটসকে টপকে বিশ্বের সেরা ধনী জেফ বেজোস
Posted by: News Desk
March 8, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিল গেটসকে টপকে ২০১৮ সালের শীর্ষ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছে অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ডট কমের কর্ণধার জেফ বাজোস।
ফোর্বস ম্যাগাজিন এবার ৭২টি দেশের ২ হাজার ২০৮ জন বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে। এই ধনীদের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গড়ে একজন ধনীর সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ বিলিয়ন ডলার। এবারো সবচেয়ে বেশি ধনকুবেরের বাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৫৮৫ জনে দাঁড়িয়েছে। এর পর রয়েছে চীন ৩৭৩ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
ফোর্বস এবারের তালিকায় ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির বিলিয়নিয়ারকে স্থান করে দিয়েছে। এ বছর তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২৫৯ জন। মোট নারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬, এর আগের বছর অংকটা ছিল ২২৭।
বিশ্বের সেরা ধনী জেফ বাজোসের নাম আগে আসলেও এবার ফোর্বসের তালিকায় তা পাকাপোক্ত হলো। কারণ সাবেক শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে তার সম্পদ ব্যবধান বেড়েছে। বাজোসের সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অন্যদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ বিলিয়ন ডলার। অর্থাৎ শীর্ষ ধনী দুইজনের সম্পদের ব্যবধান ২২ বিলিয়ন ডলার।
ফোর্বস বলছে, ২০০১ সালের পর শীর্ষ পর্যায়ে সম্পদের এত ব্যবধান এটাই সবচেয়ে বেশি। তাই মনে করা হচ্ছে আমাজন ডট কমের কর্ণধার বাজোস এবার শীর্ষ আসনটি পাকাপোক্তা করতে সক্ষম হয়েছে। একবছরের ব্যবধানে বাজোসের সম্পদ বেড়েছে ৩৯ বিলিয়ন ডলার। তবে বিল গেটস এবার দ্বিতীয় অবস্থানে গেলেও তার সম্পদ আগের চেয়ে ৪ বিলিয়ন ডলার বেড়েছে।
২০১৮ সালের তালিকায় ওয়ারেন বাফেট ৮৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। বার্নার্ড আরনল্ড ২০১২ সালের পর এই প্রথম কোনো ইউরোপীয় হিসেবে তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার।
এক বছরের মাথায় ৪০০ মিলিয়ন ডলারের সম্পত্তি কমে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ৭৬৬ তম। তার পূর্ব অবস্থান ছিল ৫৪৪ তম। ট্রাম্প-এর বর্তমান সম্পদের পরিমাণ ৩১০ কোটি ডলার।
এই তালিকার ৫ম স্থানে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। এশিয়ার শীর্ষ ধনী চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সিইও মা হুটাং এর অবস্থান ১৭ তম।
নারীদের দিক থেকে ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন-এর কন্যা অ্যালিস ওয়ালটন রয়েছেন শীর্ষে, তার সম্পদের পরিমাণ ৪৬০০ কোটি ডলার।
তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি ধনীর নাম এসেছে, ৫৮৫ জন। চীন, হংকং, ম্যাকাও আর তাইওয়ান- বৃহত্তর চীন থেকে রয়েছেন ৪৭৬ জন, জার্মানি থেকে ১২৩ জন, ভারত থেকে ১১৯ জন, রাশিয়া থেকে ১০২। যুক্তরাষ্ট্র আর চীন বাদ দিলে অন্য যে কোনো দেশের তুলনায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে বেশি ধনীর নাম এই তালিকায় জায়গা পেয়েছে, ১৪৪ জন।
বিশ্বসেরা ১০ ধনীর তালিকা :
১. অ্যামাজন প্রধান জেফ বেজোস- ১১২০০ কোটি ডলার।
২. মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস- ৯০০০ কোটি ডলার।
৩. বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে প্রধান ওয়ারেন বাফেট- ৮৪০০ কোটি ডলার।
৪. এলভিএমএইচ প্রধান বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার- ৭২০০ কোটি ডলার।
৫. ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ- ৭১০০ কোটি ডলার।
৬. জারা সহ-প্রতিষ্ঠাতা অ্যামানসিও ওরটেগা- ৭০০০ কোটি ডলার।
৭. টেলম্যাক্স প্রধান কার্লোস স্লিম হেলু আর তার পরিবার- ৬৭১০ কোটি ডলার।
৮. কোচ ইন্ডাস্ট্রিজ-এর চার্লস কোচ- ৬০০০ কোটি ডলার।
৯. কোচ ইন্ডাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ- ৬০০০ কোটি ডলার।
১০. ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন- ৫৮৫০ কোটি ডলার।
জেফ বেজোস বিল গেটসকে সেরা ধনী বিশ্বের টপকে 2018-03-08