Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগ নেই : আইনমন্ত্রী

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমএনএ রিপোর্ট : পদ্মাসেতু নিয়ে বাংলাদেশকে অভিযুক্ত করা হলেও বিশ্বব্যাংকের বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো মামলা করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি এও জানিয়েছেন, বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগও নেই।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ’ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে না। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না। কিন্তু যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কি না, সে বিষয়ে চাইলে আইনি পরামর্শ নিতে পারেন।

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূস জড়িত উল্লেখ করে তিনি বলেন, সেতুর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্র কাউকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেওয়ার জন্য ছিল না। এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে।

পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, বিশ্বব্যাংকের তিনজন প্রতিনিধির সঙ্গে তখন দুদকের একটি বৈঠক হয়েছিল। সেখানে তিনি উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের একজন প্রতিনিধি বলেছিলেন, তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে আসামি করতে হবে। তাঁর নাম এজাহারে দিয়ে তাঁকে রিমান্ডে নিলে সব তথ্য বেরিয়ে আসবে।

তখন তাঁদের বলা হয়েছিল, দুদকের কাছে আপনার (বিশ্বব্যাংক) যে কাগজপত্র দিয়েছেন, এর বাইরে আর কোনো দলিলপত্র আছে কি না। জবাবে জানিয়েছিলেন নেই। তাদের দেওয়া কাগজপত্রে দেখা গেছে, আবুল হোসেনের সঙ্গে চারজন দেখা করেছেন, কিন্তু সেখানে টাকাপয়সা দেওয়াসংক্রান্ত কোনো আলোচনা হয়নি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ওই তিন প্রতিনিধির একজন ওকাম্পো; পরবর্তী সময়ে যার নামে দুর্নীতির মামলাও হয়েছে। কানাডার আদালতে এই মামলার সাক্ষীদের দেওয়া জবানবন্দিসংক্রান্ত তথ্য দুদকের কাছে রয়েছে। এখন সংস্থাটির উচিত তা প্রকাশ করা।

 

 

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...