বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল তুরস্ক
Posted by: News Desk
October 15, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : আক্রমণে আধিপত্য ধরে রাখার পাশাপাশি একের পর এক গোলের সুযোগও তৈরী করছিল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু তুরস্কের রক্ষণভাগের বাধায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না দলটি। ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
প্রতিপক্ষের মাঠে হেরে আসা ফ্রান্স ঘরের মাঠে পারল না প্রতিশোধ নিতে। ইউরো ২০২০ এর বাছাইপর্বে টানা চার জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট হারাল তুরস্কের বিপক্ষে।
প্যারিসে গতকাল সোমবার ইউরোপিয়ান বাছাইয়ের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। জুনে প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরেছিল ইউরোর গত আসরের রানার্সআপরা।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা দিদিয়ে দেশমের শিষ্যরা ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। অঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন চেলসির এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি তুরস্ক। ৮১তম মিনিটে ছোট ডি-বক্সের ভেতর থেকে হেডে ফ্রান্সের জালে বল জড়িয়ে ডিফেন্ডার কান আইহানতুরস্ককে জয়ে ফেরান।
ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে আধিপত্য দেখায় ফ্রান্স। গোলের জন্য ২৩টি শট নেয় দলটির খেলোয়াড়রা। কিন্তু তুরস্কের ইস্পাত কঠিন রক্ষণের কারণে জালে বল পাঠাতে পারেনি তারা।
গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ২-০ গোলে অ্যান্ডোরাকে এবং আলবেনিয়া ৪-০ গোলে মলডোভাকে হারিয়েছে।
আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুরস্ক। তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৫। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ১২।a
তুরস্ক ফ্রান্সকে রুখে চ্যাম্পিয়ন বিশ্ব 2019-10-15