এমএনএ খেলাধুলা ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বেশ কয়েকটি দেশ। তবে বাংলাদেশ এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি। যদিও বিসিবি প্রেসিডেন্স কাপ দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছে টাইগাররা।
এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনটি দল। এবার পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ নামের একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বিসিবি। তাদের প্রত্যাশা দলগুলোর জন্য ভালো স্পন্সর পাবেন তারা। ইতোমধ্যে দলগুলোর মালিকানার জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন তারা ভালো সাড়া আশা করছেন স্পন্সরদের কাছ থেকে। প্রেসিডেন্টস কাপ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ।
টি-২০ কাপ আয়োজন হবে পরের ধাপ এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘অবশ্যই (ভালো সাড়া) আশা করছি। যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে পরিকল্পনা তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলিয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে।
এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা পাঁচ দলিয় টুর্নামেন্ট করব। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে।’
প্লেয়ার ড্রাফটের প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এ বিষয়গুলো আমরা এখনও চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো চূড়ান্ত করার। তারপর আমাদের যেসব স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
বঙ্গবন্ধু টি-২০ কাপের সূচি প্রকাশ না হলেও কদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে আগামী ১৫ নভেম্বর থেকে। এই টুর্নামেন্টের ড্রাফটে থাকতে পারেন ৮০ জন ক্রিকেটার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

