এমএনএ রিপোর্ট : থাইল্যান্ডের ব্যাংককে যাতায়াতে বাংলাদেশ বিমান দারুন অফার দিয়েছে। রিটার্ন টিকিটসহ ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ৬০ টাকায় যাত্রী পরিবহনের এ অফার দিয়েছে।
ভাড়া কমানোর পাশাপাশি সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান পরিবহন সংস্থাটি।
সংস্থাটি জানায়, বর্তমানে বহরের নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বিমান বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য মতে, প্রতিষ্ঠানটি ঢাকা থেকে ব্যাংকক যেতে যাত্রী প্রতি ভাড়া নিচ্ছে ১১ হাজার ৪৯৭ টাকা। আর ফিরতি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকার যাত্রীদের গুণতে হবে ৮ হাজার ৫৭৩ টাকা। বাংলাদেশ বিমানের এ ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ এর মধ্যে অন্তর্ভুক্ত।
একই সঙ্গে বাড়তি সুবিধা হিসাবে বিনা শুল্কে অতিরিক্ত ল্যাগেজ নেওয়ার সুবিধাও অফার করেছে। ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে যাত্রী প্রতি চেক ব্যাগেজে ২০ কেজির স্থলে ৩০ কেজি এবং হ্যান্ড ব্যাগেজে
সাত কেজি মালামাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে সাত কেজি মালামাল বহন করতে পারবেন।
ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মাল নিতে পারবেন। এছাড়া হ্যান্ড ব্যাগেজে আগের মতোই সাত কেজি করে মাল বহন করার সুযোগ থাকছেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি সপ্তাহে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ছয়দিন ফ্লাইট পরিচালনা করছে। সোমবার ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায় ১১টা ৫ মিনিটে এবং ব্যাংককে অবতরণ করে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে।
রবি, মঙ্গল ও শনিবার ঢাকা থেকে ছেড়ে যায় ১১টা ৫৫ মিনিটে। ব্যাংকক পৌঁছায় বেলা ৩টা ৩৫ মিনিটে। বুধ ও শুক্রবার ১১টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে ব্যাংকক পৌঁছে বিকাল ৩টা ১০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে সোম, বুধ ও শুক্রবার ছেড়ে আসে বিকাল ৪টা ১৫ মিনিটে এবং ঢাকায় অবতরণ করে সন্ধ্যা ৬টায়। আর মঙ্গল, শনি ও রবিবার ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিকাল ৪টা ৩৫ মিনিটে এবং ঢাকায় পৌছায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

