Don't Miss
Home / অর্থনীতি / ব্যাংকিং খাতে নানা সমস্যা আছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী

ব্যাংকিং খাতে নানা সমস্যা আছে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এমএনএ অর্থনীতি ডেস্কঃ ব্যাংকিং খাতে নানা সমস্যার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এই সমস্যাগুলো মোকাবিলা করে সমাধানের পথ বের করতে হবে। আমাদের সংস্কার করতেই হবে, আমাদের ভোটাররাও এটা চান। পলিটিক্যাল কিছু বিষয় আছে, এটা অস্বীকার করার উপায় নেই।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনোমিক মেমোরেনডাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সড়কে লাঠিসোঁটা নিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না। লাঠিসোঁটা দিয়ে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতিও কমানো যায় না। মূল্যস্ফীতি কমাতে গেলে বসে কথা বলতে হবে, আমাদের মিলেমিশে কাজ করতে হবে।

তিনি বলেন, কাগজে রাজনৈতিক সংঘর্ষের বিষয় দেখি। এটা লুকানোর কোনো বিষয় না। আমি রাজনৈতিক সংঘর্ষের কথা বলছি না বা রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলছি না। আকাশে কালো মেঘ দেখতে পাই, আমরা আশা করব কালো মেঘ থেকে ঝড় আসবে না। ঝড় কারোর জন্যই মঙ্গল হবে না। এটা সকলের জন্যই অমঙ্গল হবে। আজ আবারও বলছি আমাদের সবাইকে আলোচনার পথে আসতে হবে। একটা বিশ্বমানের রাষ্ট্র হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই। সে বিবেচনায় আমাদের বিশ্বমানের আচরণও করতে হবে। আমি বিনয়ের সঙ্গে সকল মহলের রাজনীতিবিদদের বলব আসুন আলোচনা করি।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে প্রবৃদ্ধি বেড়েছে, খাদ্য ঘাটতি কমেছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। খাদ্য উৎপাদন বেড়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে। সারা বাংলাদেশে গাড়ি দিয়ে ভ্রমণ করতে পারবেন। সেতু হয়েছে কালভার্ট হয়েছে। শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া গাড়ি চালিয়ে যাবেন একটা খালও আপনার জন্য সমস্যা না সবখানে সেতু। এটা আমরাই করেছি।

গত পাঁচ দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রগতির প্রবৃদ্ধি ধরে রাখতে এবং একইসাথে প্রবৃদ্ধির হারকে ত্বরান্বিত করতে একটি শক্তিশালী সংস্কার এজেন্ডা প্রয়োজন বলে মনে করে বিশ্বব্যাংক।

এছাড়াও বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য তিনটি বাধা চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এগুলো হলো বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস, দুর্বল ও ঝুঁকিপূর্ণ আর্থিক খাত এবং ভারসাম্যহীন ও অপর্যাপ্ত নগরায়ণ। এই তিন বাধা দূর করতে পারলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং ভবিষ্যতে প্রবৃদ্ধি আরও টেকসই হবে বলেও মন্তব্য করেছে বিশ্বব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রমুখ।

x

Check Also

অস্তিত্ব নিয়ে শংকায় সম্মিলিত ইসলামী ব্যাংক, ভেঙ্গে যেতে পারে

এমএনএ প্রতিবেদক দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ...