ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত ৩ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ
Posted by: News Desk
January 9, 2019
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত তিনটি কেন্দ্রে আজ চলছে ভোট গ্রহণ।
আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো।
আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ২০টি বুথে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্র তিনটিসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু, ভোটারদের নিরাপত্তা বিধান ও ভোট প্রদান নিশ্চিত করতে প্রশাসন ৫০০ পুলিশ ও ১০০ আনসার সদস্য মোতায়েন করেছে।
এ ছাড়া ১০০ বিজিবি সদস্য ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে। জানা গেছে, প্রতি কেন্দ্রে একজন সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে ৩০ জন পুলিশ ও ৩৫ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
গত ৩০ ডিসেম্বর এ আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
কেন্দ্র তিনটিতে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। এ আসনের ১৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৯টির প্রাপ্ত ভোটের হিসাবে ঐক্যফ্রন্ট তথা বিএনপির মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ওইদিন এ আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
স্থগিত চলছে ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে ভোট গ্রহণ 2019-01-09