ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ
Posted by: News Desk
December 17, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে পূর্ব দিল্লিসহ দেশটির বিভিন্ন রাজ্য প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়ের সঙ্গে পশ্চিমবঙ্গেও লাগাতার প্রতিবাদ চলছে। এসব রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে, বন্ধ রয়েছে বাস-ট্রেন সংযোগ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, আজ মঙ্গলবার দুপুরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে উত্তর-পূর্ব দিল্লির সীলামপুর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এসময় অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের পাশাপাশি জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও গত রবিবার (১৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদেও বিক্ষোভ চলছিল সীলামপুরে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তের মধ্যেই সহিংসতায় পরিণত হলো।
এসময় বাস ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল পাথর ও বুলেট। ধোঁয়ায় ভারী হয়ে ওঠে বাতাস। পুলিশের একটি পিকেটে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
দিল্লি মেট্রোরেল করপোরেশন জানায়, সাতটি মেট্রোস্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।
এদিকে গত রবিবার থেকে উত্তরবঙ্গ-আসামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেন। আপাতত মালদহ পর্যন্ত কয়েকটি ট্রেন চালু রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।
বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতের একাধিক দূরপাল্লার ট্রেন। এতে অসুবিধায় পড়েছেন সেখানে চিকিৎসা করাতে যাওয়া বহু মানুষ।
এ ছাড়া অনেক ট্রেন পুরো গন্তব্য পর্যন্ত না চালিয়ে সংক্ষিপ্ত করার সিদ্ধান্তও নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ মঙ্গলবার ফের পথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বেলা ১টা নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়, যা গিয়ে শেষ হবে ভবানীপুরের যদুবাবুর বাজারে।
সংঘর্ষ ভারতের বিক্ষোভ ব্যাপক বিভিন্ন রাজ্যে 2019-12-17