Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ফওজিয়া

ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ফওজিয়া

এমএনএ রিপোর্ট : ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ফওজিয়া রেজওয়ান। ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত ফওজিয়াকে প্রেষণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়াকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে অধ্যক্ষ হিসেবে ওই ব্যক্তিকে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। তবে নিয়োগের ওপর আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় অধ্যক্ষ হিসেবে ফওজিয়ার কাজে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে হাইকোর্টের আদেশের পরই অধ্যক্ষ পদে যোগদান করেন ফওজিয়া। ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত ফওজিয়াকে প্রেষণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে গত রবিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৯ সালের রেগুলেশনে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হলেও সেখানে অধ্যক্ষ নিয়োগের বিষয়ে বলা নেই। শুধু শিক্ষক-কর্মচারীর কথা রয়েছে। স্কুল-কলেজের বেতনসহ সব কিছুই সরকার থেকে দেওয়া হয়। অথচ গভর্ণিং বডি মাঝখানে এসে মাতব্বরি করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য ও অরাজকতার সৃষ্টি হচ্ছে।

আদালত বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে যদি নিয়োগ দেওয়া হয় তবে অরাজকতার সৃষ্টি হতে পারে। সরকার যদি এরকম নিয়োগ দিতে চায় তবে নীতিমালা করলেই পারে।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই প্রতিষ্ঠানটিতে যত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে তার প্রায় সকলেই ছিলেন ভারপ্রাপ্ত। সরকার অরাজকতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাঁচাতেই এই নিয়োগ দিয়েছে।

আদালত বলেন, সরকারে যে উদ্দেশ্যই থাকুক না কেন সেটা আইন অনুযায়ী হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।

গত বছর প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর উত্তেজনাকর পরিস্থিতির মুখে ভিকারুননিসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম।

প্রতিষ্ঠানের পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু হলে নিজে প্রার্থী হওয়ার জন্য দায়িত্ব ছেড়ে দেন হাসিনা বেগম। পরে প্রতিষ্ঠানেরই আরও দুজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান, তারা হলেন- কেকা রায় চৌধুরী ও ফেরদৌসী বেগম। এখন ফেরদৌসী বেগম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন।

গত এপ্রিলে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়। এতে আইডিয়াল স্কুল ও কলেজের ইংরেজির এক শিক্ষক অধ্যক্ষ হিসেবে নিয়োগের লক্ষ্যে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু স্কুলের একটি গ্রুপ অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রণালয় ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...