ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : সিইসি
Posted by: News Desk
December 15, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতরে কক্ষ থেকে কোনও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সিইসি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন; কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। টেলিভিশন, অনলাইন, মোবাইল বা ক্যামেরায় হোক- সরাসরি সম্প্রচার যেন না করে সে বিষয়ে অনুরোধ করছি।
তিনি বলেন, ভোটকক্ষের মধ্যে ছবি বা ভিডিও করতে কোনো বাধা নেই। শুধু সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করা হচ্ছে।
ভোটকক্ষের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও এসময় জানান সিইসি নূরুল হুদা।
নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকরা অবাধে প্রবেশ করলে নির্বাচনে বিঘ্ন ঘটে উল্লেখ করে সিইসি বলেন, ভোট চলাকালীন সময়ে গণমাধ্যম কর্মীরা সীমিত আকারে প্রবেশ করতে পারবে।
তিনি আরও বলেন, ভোটকক্ষের ভেতরে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও প্রার্থীর এজেন্টরা থাকেন; সেই সঙ্গে সাংবাদিকরা সরাসরি সম্প্রচারে গেলে কাজ বাধাগ্রস্ত হবে।
ড. কামালের গাড়িবহরে হামলার বিষয়ে কেএম নূরুল হুদা বলেন, তার গাড়িবহরে হামলা দুঃখজনক। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে হামলার বিষয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আমাদের নির্বাচনী তদন্ত কমিটি আছে, তাদের কাছে এ অভিযোগ পাঠানো হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না, সব দল প্রচারণা করতে পারছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
থেকে সরাসরি সম্প্রচার ভোটকক্ষ সিইসি 2018-12-15