এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদ হিসেবে আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরায়েলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে ইহুদিবাদীদেরকে বয়কটের যে ডাক দেয়া হয়েছে, তাতে সমর্থন জানিয়েই ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এ পদক্ষেপ নেন।
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ওকল্যান্ড বন্দরে ইসরায়েলি জাহাজ নোঙ্গর ও খালাস করা নিষিদ্ধ করেন ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা। পরে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, রোববার আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, ‘আমরা বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করব না।’ ওয়াসিম হেজ সাংবাদিকদের বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম একজন।
উল্লেখ্য, সম্প্রতি অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাওয়ার কথা শুনে ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলো। ফিলিস্তিনের পক্ষে ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকদের ওই প্রতিবাদ পৃথিবীব্যাপী প্রশংসিত হয়েছিলো।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

