Don't Miss
Home / হোম স্লাইডার / মালিতে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৪০

মালিতে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৪০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মালির মধ্যাঞ্চলে ফুলানি পশুপালকদের একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ৯ সেনা সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ গতকাল শুক্রবার জানিয়েছে, মালির মধ্যাঞ্চলে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে মূলত জাতিগত সহিংসতার কারণে।

দেশটির সরকার বলছে, ফুলানি সম্প্রদায় প্রধান ওগোসাগু গ্রামে রাতের বেলায় এক হামলায় ৩১ জন নিহত হয়। এই ওগোসাগু গ্রামেই গত মার্চ মাসে ডনজো শিকারীদের ঐতিহ্যবাহী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৬০ জন নিহত হয়। ওই হামলার জন্য ডনজো মিলিশিয়াদের দায়ী করা হয়।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে হওয়া হামলাটি কারা করেছে সরকারের বিবৃতিতে তা বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওগোসাগু গ্রামের নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইন্দো হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

অন্যদিকে ফুলানি পশুপালকদের সংগঠন তাবিতাল পালাক্কুর নেতা হামাদৌ ডিকো নিহতের সংখ্যা অন্তত ২২ বলে দাবি করেছেন।

“তারা (সশস্ত্র গোষ্ঠী) এসে যা কিছু নড়তে দেখেছে, সবকিছুকে লক্ষ্য করে গুলি চালিয়েছে,” বলেছেন তিনি।

ওগোসাগু গ্রামের প্রধান আলী ওসমানী বারি এএফপিকে বলেন, প্রায় ৩০ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলার পর তারা ঘরে এবং শস্যে আগুন ধরিয়ে দেয়, গবাদিপশু পুড়িয়ে দেয় অথবা লুট করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এর আগে ২৮ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ডগোন নৃগোষ্ঠীর। তবে কে এই হামলা চালিয়েছে তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।

ওগাসোগুর কাছে মালির সামরিক বাহিনীর একটি অস্থায়ী ঘাঁটি ছিল; সেখান থেকে সৈন্যদের সরে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা হয়েছে বলে গুইন্দো এবং নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা জানিয়েছেন।

মালির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, হামলা ঠেকাতেই সৈন্যদের মোতায়েন করা হয়েছিল। সৈন্যরা ঘাঁটিটি থেকে সরে গিয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতিও জানিয়েছেন তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...