এমএনএ রিপোর্ট : রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার পড়ে স্বপন (৪৪) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
এ ঘটনায় এক প্রকৌশলীসহ আরও দুজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন শাহ সিমেন্টের গাড়ি চালক নূরন্নবী (৪০) ও তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ (৩৮) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্মাণ শ্রমিক সূত্রে জানা গেছে, রাতে নিচ থেকে ক্রেন দিয়ে উড়ালসড়কের একটি গার্ডার উঠানোর সময় আগের একটি গার্ডার ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। গার্ডার সরিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. বেলাল হোসেন সাংবাদিকদেরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহত তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি উড়ালসড়কের ওপর একটি গার্ডার সেট করা হয়। গত রাতে আরেকটি গার্ডার সেট করার সময় সম্ভবত ধাক্কা লেগে আগের গার্ডারটি পড়ে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গার্ডারটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী পলাশ বাঁ-পা, চালক নুরুন্নবী ডান পা ও পথচারী স্বপন বাঁ-পা হারান। তাদের প্রত্যেকেরই পায়ের হাঁটুর নিচের অংশ কাটা পড়ে। তবে নূরন্নবীর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় আঘাত লেগেছে।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, তিনজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে রাতে স্বপন নামে একজন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
গার্ডারটি রেল লাইনের ওপর পড়ায় ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ ঝিল। পরে দমকলকর্মীরা গিয়ে সেটি সরিয়ে নিলে সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

