Don't Miss
Home / অর্থনীতি / মালয়েশিয়ার সংকট সমাধানে বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়া

মালয়েশিয়ার সংকট সমাধানে বাংলাদেশি শ্রমিক

এমএনএ অর্থনীতি ডেস্কঃ মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে শ্রমিক সংকট। এ অচলাবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে, দেশটির পাম শিল্পের অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এরইমধ্যে পাম ও নির্মাণ শিল্পে শ্রমিক না পাঠানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

এ অবস্থায় বাংলাদেশি শ্রমিক ছাড়া দেশটির হাতে আর কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন প্রবাসীরা। কঠোর শ্রমের জন্য বাংলাদেশিদের সুনাম থাকলেও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগ শ্রমিকদের।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গত ২ জুন ঢাকায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যান মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

বৈঠকের একদিন পরই মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পর তদের নিয়োগকর্তারা যদি কর্মীদের বেতন কমানো অথবা বেতন দিতে গড়িমসি করে তাহলে শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন। এছাড়াও যে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এলে তাকে অবশ্যই বাসস্থান ও বিমান ভাড়াসহ সব খরচ বহন করতে হবে, যাতে বিনা খরচে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে।

দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে থাকা দেশটির অর্থনীতিতে ২টি বৃহত্তর সেক্টর পাম শিল্প ও নির্মাণ শিল্প পরিচালিত হয় শুধুমাত্র বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার শ্রমিক দিয়ে। কিন্তু ইন্দোনেশিয়া ইতিমধ্যে এসব খাতে শ্রমিক পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাই মালয়েশিয়ার কলিং ভিসা চালু করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ছাড়া দেশটিতে আর অন্য কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা।

মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া এসে অনেক পরিশ্রম করেন। এখন তাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। এতে আশা করছি দ্রুতই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা আসবেন।

এদিকে, হাড় ভাঙা পরিশ্রমের জন্য মালয়েশিয়াজুড়ে বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা। যে কারণে পরিবারের ভরণপোষণ চালানোর পাশাপাশি স্বজনদের কাছ থেকে নেয়া ধারের টাকা নিয়ে দুশ্চিন্তায় এসব প্রবাসীরা।

সঠিক নিয়মে কলিং ভিসা খোলা হলে প্রথম বছরেই দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের কথা রয়েছে দেশটিতে। এছাড়া পাঁচ বছরে প্রায় ৫ লাখ বাংলাদেশি বেকার যুবকের মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান হবে। এর আগে গেল বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...