এমএনএ প্রতিবেদক
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও প্রত্যাহার করা হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এই চারজন রাষ্ট্রদূতকেই সাবেক অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। তাঁদের মধ্যে এম মাহফুজুল হক সাবেক সচিব। মো. ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাঁকে আইজিপি করা হয়েছিল। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দেওয়ার পর ময়নুল ইসলামকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন দমন–পীড়নের ঘটনা তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে তুলে ধরতেন। গণ–অভ্যুত্থানের পর তাঁকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে মো. নাজমুল ইসলাম একজন একাডেমিক। তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁকে চুক্তিভিত্তিকভাবে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পেশাদার কূটনীতিক আবিদা ইসলামকে গত বছরের জানুয়ারিতে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বহুল আলোচিত সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

