Don't Miss
Home / আইন আদালত / মেডিকেল ভর্তিতে নম্বর কাটা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল

মেডিকেল ভর্তিতে নম্বর কাটা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল

এমএনএ রিপোর্ট : মেডিকেল ভর্তিতে দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদন করা হয় বলে জানান রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলে জানান তিনি।

এর আগে ১২ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাঁচ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রথম বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) আহ্বান করে গত ২১ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এই বিজ্ঞপ্তির ৬ নম্বর প্যারায় বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২৭ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এই রিটের ওপর দুদিন শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ইউনুছ আলী আকন্দ নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীসহ সারাদেশে আগামী ৬ অক্টোবর (শুক্রবার) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এ সময়ের মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।

এক ঘণ্টার এ পরীক্ষায় জীববিদ্যা- ৩০, রসায়ন- ২৫, পদার্থবিদ্যা- ২০, ইংরেজি- ১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি- ৬ এবং আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

বর্তমানে দেশে সরকারি ৩১টি ও বেসরকারি ৬৯টিসহ মোট ১০০টি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোতে মোট আসন সংখ্যা নয় হাজার ৫৬৮টি। এর মধ্যে সরকারিতে তিন হাজার ৩১৮ এবং বেসরকারিতে ছয় হাজার ২৫০টি আসন রয়েছে।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...