এমএনএ রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ রবিবার মেয়র হিসেবে পদে ফিরতে মান্নানের করা রিট আবেদনের ওপর শুনানিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর ফলে মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব পালনে আইনগতভাবে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও আবু হানিফ।
তৃতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রবিবার রিট আবেদন করেন মেয়র মান্নান। দুপুরে ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত অফিস করে বাসায় যান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। বেলা সাড়ে তিনটায় তাঁকে বরখাস্ত করার চিঠি পৌঁছায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। এর আধা ঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন আসাদুর রহমান (কিরণ)। তিনি আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
দায়িত্ব ফিরে পাওয়ার ১৯ দিনের মাথায় তাঁকে তৃতীয়বারের মতো বরখাস্ত করা হলো। প্রতিবারই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান আসাদুর রহমান।
২০১৩ সালে পাঁচ সিটি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপি-সমর্থক প্রার্থীরা। এর মধ্যে বরিশালের মেয়র ছাড়া বাকি চার মেয়রকে মামলার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খুলনা সিটি মেয়র আদালতের রায়ে পুনর্বহাল হন গত বছর। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে গত ২ এপ্রিল দায়িত্ব ফিরে পান। মেয়রের চেয়ারে বসতে না-বসতেই ওই দিনই তাঁদের আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কয়েক দিন পর আদালতের আদেশে তাঁরা আবার দায়িত্ব ফিরে পান।
মেয়র মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথম সাসপেন্ড করে স্থানীয় সরকার বিভাগ। হাইকোর্ট বরখাস্তের আদেশ স্থগিত করেন, আপিল বিভাগে তা বহাল থাকে। ২০১৬ সালের ১৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার কথা থাকলেও ১৫ এপ্রিল তিনি আবার গ্রেফতার হন। ১৮ এপ্রিল তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চলতি বছর ৬ জানুয়ারি মুক্তি পান মান্নান। উচ্চ আদালতে আইনি লড়াইয়ে দ্বিতীয় দফার বরখাস্ত আদেশও স্থগিত থাকায় গত ১৮ জুন তিনি দায়িত্ব নেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। ২০১৩ সালের ৬ জুলাই মেয়র নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী মান্নান। ঐ বছরের ১৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে বিগত চার বছরে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সবে ১৮ মাস ১৯ দিন। আর জেলে কাটিয়েছেন প্রায় দুই বছর (২২ মাস)। এ সময়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ২৯টি। বরখাস্ত হয়েছেন তিনবার। ২৯টি মামলা এবং বারবার বরখাস্তের ঘটনাকে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন অনেকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

