Don't Miss
Home / হোম স্লাইডার / মোবাইল ফোনে তিন দিনের নিচে প্যাকেজ নয়

মোবাইল ফোনে তিন দিনের নিচে প্যাকেজ নয়

এমএনএ রিপোর্ট : মোবাইল ফোনের ভয়েস-ইন্টারনেট সেবায় যে কোনো প্যাকেজ বা অফার বা বান্ডলের মেয়াদ ন্যূনতম তিন দিন করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজ রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বিটিআরসির এক নির্দেশনায় জানানো হয়েছে।

সম্প্রতি জারি করা এ নির্দেশায় বল হয়, “সকল প্রকার প্যকেজ-অফার-বান্ডলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। নির্দেশনাটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে।”

এছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) পার হলে গ্রাহকের মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফার সাবস্ক্রাইব করতে হবে।

আগামী রবিবার থেকেই এই নিয়ম কার্যকর করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

‘অটো-রিনিউ ফিচার’ চালুকৃত ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফারের আওতায় কেনা ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ-বান্ডল-অফারটি পুনরায় চালু হয়ে যাবে। যদি গ্রাহক ‘অটো-রিনিউ ফিচার’ না করেন তাহলে উপরের নির্দেশনা অর্থাৎ সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রযোজ্য হবে।

বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরগুলো কী পরিমাণ প্যাকেজ-বান্ডল-অফার দিতে পারবে তার সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে।

এর আগে গত সপ্তাহে টেলিযোগাযোগ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানিয়েছিলেন সাত দিনের নিচে কোন প্যাকেজ না দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিটিআরসি। ১ ফেব্রুয়ারির পর এ নির্দেশনা কার্যকর করা হবে। তবে শেষ পর্যন্ত সাত দিন থেকে সর্বনিম্ন মেয়াদ তিন দিনে নামিয়ে আনা হয়েছে।

ছোট ছোট প্যাকেজ অফারে অপারেটররা বেশি টাকা কেটে নেয় বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের। আবার নির্ধারিত মেয়াদে ডেটা শেষ না করতে পারলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া ‘পে পার ইউজের’ ক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিটিআরসি’র নতুন সিদ্ধান্তের ফলে অপারেটরদের দ্বারা গ্রাহকের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাবে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...